আলেফ
1সেই সব লোক যারা সৎ‌ ও শুদ্ধ জীবনযাপন করে তারা সুখী|
ওই সব লোক প্রভুর শিক্ষামালাকে অনুসরণ করে|
2যারা প্রভুর চুক্তি মানে তারা সুখী|
তারা সর্বান্তঃকরণ দিয়ে প্রভুকে মানে|
3ওই সব লোক কোন মন্দ কাজ করে না|
ওরা প্রভুকে মানে|
4প্রভু, আপনি আমাদের আজ্ঞা দিয়েছেন
এবং আপনি আমাদের ওই আজ্ঞাসমূহ পুরোপুরি মানতে বলেছেন|
5প্রভু, সবসময় আমি যদি
আপনার বিধি মানি,
6তাহলে আমি যখন আপনার আদেশগুলি নিয়ে চিন্তা করব
তখন আমি লজ্জিত হবো না|
7তাহলে আমি প্রকৃতই আপনাকে সম্মান করতে পারবো,
যখন আমি আপনার ন্যায্য বিধিগুলি সমীক্ষা করব|
8প্রভু আমি আপনার আজ্ঞাগুলো পালন করবো
তাই আমাকে ছেড়ে যাবেন না!
বৈৎ‌
9একজন যুবক কি করে শুদ্ধ জীবনযাপন করবে?
আপনার আদেশসমুহ মেনে সে এরকম করতে পারবে|
10সমগ্র অন্তর দিয়ে আমি প্রভুর সেবা করতে চেষ্টা করি|
ঈশ্বর, আপনার আজ্ঞা মানতে আমায় সাহায্য করুন|
11আপনার শিক্ষামালা আমি যত্ন করে অনুধাবন করি,
যাতে আমি আপনার বিরুদ্ধে পাপ না করি|
12হে প্রভু, আপনি ধন্য|
আপনার বিধিসমূহ আমায় শেখান|
13আমি আপনার সব প্রাজ্ঞ সিদ্ধান্তের কথা বলবো|
14আমি যে কোন জিনিসের চেয়ে
আপনার চুক্তিসমুহ জানতে বেশী উপভোগ করি|
15আমি আপনার নিয়মের আলোচনা করি|
আমি আপনার জীবনধারা অনুসরণ করি|
16আমি আপনার বিধিসমুহ উপভোগ করি|
আপনার বাক্য আমি ভুলবো না|
গিমল
17আপনার দাস, এই যে আমি, আমার প্রতি ভাল ব্যবহার করুন,
যাতে আমি বেঁচে থাকতে পারি এবং আপনার আজ্ঞাসমুহ মানতে পারি|
18প্রভু আমার চোখ খুলে দিন, আমাকে আপনার শিক্ষাসমুহ দেখতে দিন
এবং যেসব আশ্চর্য্য কার্য আপনি করেছেন তা পাঠ করতে দিন|
19প্রভু, এই দেশে আমি একজন বিদেশী|
আমার কাছ থেকে আপনার শিক্ষাকে আড়াল করে রাখবেন না|
20সব সময়েই আমি
আপনার সিদ্ধান্তগুলো অনুধাবন করতে চাই|
21প্রভু, আপনি অহঙ্কারী লোকদের সমালোচনা করেন|
যারা আপনার আদেশগুলি মানতে অস্বীকার করে, তাদের ভাগ্যে মন্দ কিছু ঘটবে|
22আমাকে লজ্জিত এবং বিব্রত করবেন না|
আমি আপনার চুক্তি পালন করেছি|
23নেতারা পর্যন্ত আমার সম্পর্কে মন্দ কথা বলেছে|
কিন্তু প্রভু, আমি, আপনার দাস
এবং আমি আপনার বিধিসমূহ অনুধাবন করি|
24আপনার চুক্তি আমার নিকট বন্ধু|
ওটি আমাকে ভালো উপদেশ দেয়|
দালৎ‌
25আমি খুব শীঘ্রই মারা যাবো|
প্রভু আপনি আজ্ঞা দিন এবং আমাকে বাঁচতে দিন|
26আমার জীবন সম্পর্কে আমি আপনাকে বলেছি এবং আপনি আমায় উত্তর দিয়েছেন|
এখন আমাকে আপনার বিধি সম্পর্কে শিক্ষা দিন|
27প্রভু আপনার বিধি বুঝতে আমায় সাহায্য করুন|
যে সব আশ্চর্য্য কার্য আপনি করেছেন তা আমায় বলতে দিন|
28আমি দুঃখী এবং শ্রান্ত|
আপনি আজ্ঞা করুন এবং আমি আবার শক্তিশালী হয়ে উঠবো|
29হে প্রভু, আমাকে ওই প্রবঞ্চনাময় জীবন থেকে দূরে রাখুন|
আপনার শিক্ষামালা দিয়ে আমায় পরিচালিত করুন|
30হে প্রভু, আমি আপনার প্রতি বিশ্বস্ত থাকতে স্থির করেছি|
অত্যন্ত সাবধানতার সঙ্গে আমি আপনার প্রাজ্ঞ সিদ্ধান্তসমূহ অনুধাবন করি|
31হে প্রভু, আপনার চুক্তিতে আমি নিশ্চল থাকবো|
অতএব আমাকে হতাশ করবেন না|
32আমি আনন্দের সঙ্গে আপনার আজ্ঞাগুলো মানবো|
প্রভু আপনার আজ্ঞাগুলো আমায় সুখী করে|
হে
33প্রভু, আমাকে আপনার বিধি শিক্ষা দিন,
আমি সেগুলো মেনে চলবো|
34আমাকে বুঝতে সাহায্য করুন, আমি আপনার শিক্ষামালাগুলো মানবো|
আমি সম্পূর্ণভাবে সেগুলো পালন করবো|
35হে প্রভু, আপনার আজ্ঞাসমুহের পথে আমায় পরিচালিত করুন|
জীবনের সেই পথ আমি সত্যিই ভালোবাসি|
36কি করে ধনী হওয়া যায় সেই চিন্তার থেকে,
আপনার চুক্তি সম্পর্কে চিন্তা করতে আমায় সাহায্য করুন|
37প্রভু, অসার বিষয়ের দিকে আমাকে তাকাতে দেবেন না|
আপনার পথে বাঁচতে আমায় সাহায্য করুন|
38আপনার দাসের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালন করুন,
যার ফলে লোকরা আপনাকে শ্রদ্ধা করে|
39যে লজ্জাকে আমি ভয় পাই তা আপনি নিরসন করুন|
আপনার সিদ্ধান্তগুলি জ্ঞানগর্ভ এবং ভালো|
40দেখুন আমি আপনার আজ্ঞাগুলো ভালোবাসি|
আমার প্রতি ভালো ব্যবহার করুন এবং আমায় বাঁচতে দিন|
বৌ
41প্রভু, আমার প্রতি আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন|
আপনার প্রতিশ্রুতি মত আমায় রক্ষা করুন|
42তাহলে যে লোকরা আমায় অপমান করেছে তাদের জন্য আমি একটা উত্তর খুঁজে পাবো|
প্রভু আপনি যা বলেন প্রকৃতই আমি তা বিশ্বাস করি|
43আপনার সত্য শিক্ষা সম্পর্কে আমাকে সর্বদাই বলতে দিন|
প্রভু, আমি আপনার প্রাজ্ঞ সিদ্ধান্তের ওপর নির্ভর করি|
44প্রভু, আমি চিরদিন আপনার শিক্ষামালাগুলো অনুসরণ করবো|
45তাহলে আমি মুক্ত হবো|
কেন? কারণ আপনার বিধি পালন করতে আমি আপ্রাণ চেষ্টা করি|
46এমন কি রাজাদের সামনেও
আমি নির্ভয়ে আপনার নীতি কি বলে সে সম্বন্ধে বলব|
47হে প্রভু, আপনার আজ্ঞাগুলি আমি ভালবাসি
এবং ওগুলোতে আমি আনন্দ পাই|
48প্রভু, আপনার আজ্ঞাগুলোর প্রশংসা করি|
আমি সেগুলোকে ভালোবাসি এবং সেগুলো অনুধাবন করি|
সয়িন
49প্রভু আমার প্রতি আপনার প্রতিশ্রুতির কথা মনে রাখবেন|
সেই প্রতিশ্রুতি আমাকে আশা দেয়|
50আমি দুর্দশাগ্রস্ত ছিলাম, আপনি আমায় স্বস্তি দিয়েছেন|
আপনার বাক্য আমাকে পুর্নবার বাঁচতে দিয়েছে|
51যারা ভাবে ওরা নিজেরা আমার চেয়ে ভালো, তারা আমাকে ক্রমাগত অপমান করেছে|
কিন্তু আমি আপনার শিক্ষা অনুসরণ করা থেকে বিরত হই নি|
52আমি সর্বদাই আপনার প্রাজ্ঞ সিদ্ধান্তসমূহ স্মরণ করি|
প্রভু আপনার প্রাজ্ঞ সিদ্ধান্ত আমায় সান্ত্বনা দেয়|
53যখন দেখি, দুর্জন মানুষ আপনার শিক্ষা অনুসরণ করা থেকে বিরত হয়েছে,
তখন আমি ক্রুদ্ধ হই|
54আপনার বিধিগুলোই আমার গৃহে সঙ্গীত|
55প্রভু, রাতে আমি আপনার নাম স্মরণ করি|
56এটা সম্ভব হয়েছে তার কারণ,
আমি যত্ন করে আপনার আজ্ঞা পালন করি|
হেৎ‌
57প্রভু, আপনার আজ্ঞা পালন করাকেই আমার জীবনের কর্তব্য বলে স্থির করেছি|
58প্রভু, আমি সম্পূর্ণভাবে আপনার ওপর নির্ভর করি|
আপনার প্রতিশ্রুতি মত আমার প্রতি সদয় হোন|
59নিজের জীবন সম্পর্কে আমি খুব সতর্কভাবে চিন্তা করেছি
এবং আমি আপনার চুক্তিতে ফিরে এসেছি|
60কোনও বিলম্ব না করে আমি আপনার আজ্ঞাগুলি পালন করার জন্য তাড়াতাড়ি ফিরে এসেছি|
61একদল মন্দ লোক আমার সম্পর্কে বাজে কথা বলেছে|
কিন্তু প্রভু, আমি আপনার শিক্ষামালাকে ভুলিনি|
62আপনার সুসিদ্ধান্তর জন্য,
মাঝ রাতে উঠে আমি আপনাকে ধন্যবাদ দিই|
63যারা আপনার উপাসনা করে
আমি তাদের প্রত্যেকের কাছে বন্ধুস্বরূপ|
64প্রভু, আপনার প্রকৃত প্রেম পৃথিবীকে পূর্ণ করে|
আমায় আপনার বিধিগুলো শেখান|
টেট
65হে প্রভু, আমার জন্য আপনার এই দাসের জন্য আপনি অনেক মঙ্গল করেছেন|
যা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনি ঠিক তাই করেছেন|
66প্রভু, প্রাজ্ঞ সিদ্ধান্ত গ্রহণের জন্য আমায় প্রজ্ঞা দিন|
আমি আপনার আজ্ঞাসমুহ বিশ্বাস করি|
67দুর্দশায় পড়ার আগে আমি অনেক ভুল কাজ করেছি|
কিন্তু এখন আমি যত্ন করে আপনার আজ্ঞা পালন করি|
68হে ঈশ্বর, আপনি মঙ্গলময় এবং আপনি ভালো কাজসমূহ করেন|
আপনার বিধিগুলো আমায় শেখান|
69লোকরা যারা ভাবে ওরা আমার চেয়ে ভালো তারা আমার সম্পর্কে বাজে কথা এবং মিথ্যা কথা বলেছে|
কিন্তু সমস্ত অন্তর দিয়ে আমি আপনার আজ্ঞা পালন করে গেছি|
70ঐ সব লোক খুবই নির্বোধ|
কিন্তু আমি আপনার শিক্ষামালার অধ্যয়ন উপভোগ করেছি|
71আমি যে ভুগেছিলাম তা ভালোই হয়েছিল,
কারণ আমি আপনার বিধিগুলো শিখেছিলাম|
72প্রভু, আপনার শিক্ষামালাগুলো আমার পক্ষে হিতকর|
তারা 1000 খণ্ড সোনা ও রূপোর চেয়েও উত্তম|
ইয়ুদ
73হে প্রভু, আপনি আমায় সৃষ্টি করেছেন এবং আপনি নিজের হাত দিয়ে আমায় অবলম্বন দিয়েছেন|
আপনার আজ্ঞাগুলো বুঝতে এবং পালন করতে আমায় সাহায্য করুন|
74প্রভু, আপনার অনুগামীরা আমায় দেখে এবং আমায় শ্রদ্ধা করে|
ওরা খুশী, কারণ আপনার কথা আমি বিশ্বাস করি|
75প্রভু, আমি জানি আপনার সিদ্ধান্তগুলো সুন্দর
এবং আপনি যে আমায় শাস্তি দিয়েছিলেন তা আপনার পক্ষে যথাযথ ছিলো|
76এখন আপনার প্রকৃত প্রেম দিয়ে আমায় আরাম দিন|
আপনার প্রতিশ্রুতি মত আমায়, আপনার দাসকে আরাম দিন|
77হে প্রভু, আমার ওপর আপনার করুণা বর্ষন করুন এবং আমায় বাঁচতে দিন|
আমি আপনার শিক্ষামালাগুলো সত্যিই উপভোগ করি|
78লোকে, যারা নিজেদের আমার চেয়ে উত্তম বলে মনে করে তারা আমার সম্পর্কে মিথ্যা কথা বলেছে|
ঐ লোকগুলো যেন লজ্জিত হয়| হে প্রভু, আপনার বিধিগুলো আমি অধ্যয়ন করি|
79আশা করি আপনার অনুগামীরা আমার কাছে ফিরে আসবে
এবং তারা আপনার চুক্তি সম্পর্কে জানবে|
80প্রভু আপনার আজ্ঞাগুলো আমাকে নিখুঁতভাবে পালন করতে দিন,
তাহলে আমি আর লজ্জিত হব না|
কফ
81আমি প্রায় মৃত, আপনি আমায় রক্ষা করবেন এই প্রতীক্ষায় আছি|
কিন্তু হে প্রভু, আপনি যা বলেন তাতে আমি বিশ্বাস করি|
82আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা দেখতে দেখতে আমার দুচোখ ক্লান্ত হয়ে গেছে|
হে প্রভু, কখন আপনি আমাকে আরাম দেবেন?
83যদি আমি কখনও আবর্জনাস্তুপে শূন্য মদের পিপার মত পরিত্যক্ত হই
তখনও আমি আপনার বিধিগুলো ভুলবো না|
84আমি কতদিনই বা বাঁচবো?
হে প্রভু, যারা আমায় নির্যাতিত করেছে, সেইসব লোকেদের আপনি কবে শাস্তি দেবেন?
85কিছু উদ্ধত লোক তাদের মিথ্যার দ্বারা আমায় বিদ্ধ করেছে
এবং তাও আপনার শিক্ষামালার বিরুদ্ধে|
86প্রভু লোকে আপনার সব আজ্ঞা বিশ্বাস করতে পারে|
আমায় নির্যাতন করে ঐসব ভুল করেছিল|
আমায় সাহায্য করুন|
87ঐ লোকরা আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছে|
কিন্তু আমি আপনার আজ্ঞা পালন থেকে বিরত হই নি|
88প্রভু আমার প্রতি আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন এবং আমায় বাঁচতে দিন|
আপনি যা বলবেন আমি তাই করবো|
লামদ
89হে প্রভু, আপনার বাণী চিরকাল থাকে|
আপনার বাণী স্বর্গে চিরকালের জন্য থাকে|
90চিরদিনের জন্যই আপনি বিশ্বস্ত|
প্রভু, আপনি এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং এখনও তা রয়েছে|
91এখনও পর্যন্ত এই পৃথিবী যে অস্তিত্বশীল রয়েছে, তার কারণ আপনার বিধি|
এই পৃথিবী আপনার বিধিকে একজন ক্রীতদাসের মতই মান্য করে|
92আপনার শিক্ষামালাগুলো যদি আমার কাছে বন্ধুর মত না হত
তাহলে আমার দুর্গতিই আমায় শেষ করে দিতো|
93আমি আপনার আজ্ঞাগুলি কখনই ভুলবো না,
কারণ সেগুলো আমাকে বাঁচতে দিয়েছে|
94প্রভু, আমি আপনারই, তাই আমাকে রক্ষা করুন!
কেন? কারণ আপনার আজ্ঞাগুলি মানতে আমি আপ্রাণ চেষ্টা করি|
95দুষ্ট লোকরা আমায় ধ্বংস করতে চেয়েছিলো|
কিন্তু আপনার চুক্তি আমাকে জ্ঞানী করেছে|
96আপনার বিধি ছাড়া
সব কিছুরই সীমা আছে|
মেম
97হে প্রভু, আমি আপনার শিক্ষামালাগুলো ভালোবাসি|
সব সময়েই আমি সে সম্পর্কে কথা বলি|
98প্রভু আপনার আজ্ঞাগুলো আমাকে আমার শত্রুদের থেকে জ্ঞানী করেছে|
আপনার বিধি সব সময়েই আমার সঙ্গে থাকে|
99আমার সকল শিক্ষকের চেয়ে আমি জ্ঞানী,
কারণ আমি আপনার চুক্তি অধ্যয়ন করি|
100সমস্ত প্রাচীন নেতাদের চেয়ে আমি বেশী বিজ্ঞ
কারণ আমি আপনার সব আজ্ঞাগুলি মান্য করি|
101আমি প্রতিটি মন্দ কাজ থেকে নিজেকে দূরে রেখেছিলাম|
তাই প্রভু, আপনি যা বলবেন, আমি তাই করতে পারি|
102হে প্রভু, আপনি আমার শিক্ষক,
তাই আমি আপনার বিধিসমূহ পালন করা থেকে বিরত হব না|
103আপনার বাক্যগুলো আমার মুখে
মধুর চেয়েও মিষ্টি লাগে|
104আপনার শিক্ষামালা আমাকে জ্ঞানী করেছে,
তাই ভ্রান্ত শিক্ষাকে আমি ঘৃণা করি|
নূন
105প্রভু, আপনার বাক্যগুলো
প্রদীপের মত আমার পথকে আলোকিত করে|
106আপনার বিধিগুলো ভালো|
আমি সেগুলো পালন করার প্রতিশ্রুতি দিচ্ছি এবং আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করবো|
107প্রভু দীর্ঘদিন ধরে আমি ভুগেছি|
দয়া করে আপনার প্রতিশ্রুতি মত আমাকে আবার বাঁচতে দিন!
108প্রভু আমার প্রশংসা গ্রহণ করুন
এবং আপনার বিধিগুলো শেখান|
109আমার জীবন সর্বদাই সঙ্কটাপন্ন|
কিন্তু আমি আপনার শিক্ষাগুলো ভুলি নি|
110দুষ্ট লোকরা আমায় ফাঁদে ফেলতে চেয়েছিলো|
কিন্তু আমি আপনার আজ্ঞাগুলি অমান্য করিনি|
111প্রভু, আমি চিরদিন আপনার চুক্তি অনুসরণ করবো|
এটা আমাকে ভীষণ খুশী করে|
112আপনার বিধিগুলো পালন করার জন্য
আমি অবশ্যই সর্বদা আপ্রাণ চেষ্টা করবো|
সামক
113প্রভু, যারা আপনার প্রতি পুরোপুরি নিষ্ঠাবান নয় তাদের আমি ঘৃণা করি|
কিন্তু আপনার শিক্ষামালাগুলো আমি ভালোবাসি|
114আমায় রক্ষা করুন, আমায় আড়াল করে রাখুন|
প্রভু, আপনি যা বলেন আমি সব বিশ্বাস করি|
115প্রভু, দুষ্ট লোককে আমার কাছে আসতে দেবেন না|
আমি অবশ্যই আমার ঈশ্বরের আজ্ঞা পালন করবো|
116হে প্রভু, আপনার প্রতিশ্রুতি মত আমায় সহায়তা দিন এবং আমি অবশ্যই বাঁচবো|
আমি আপনাকে বিশ্বাস করি, আমাকে হতাশ করবেন না|
117প্রভু, আমায় সাহায্য করুন, আমি রক্ষা পাবো|
আমি সর্বদা আপনার আজ্ঞাগুলি অধ্যয়ন করবো|
118হে প্রভু, যারা আপনার বিধি ভঙ্গ করে তাদের সবার কাছ থেকে আপনি সরে আসুন|
কেন? কারণ যখন তারা আপনাকে অনুসরণ করার কথা বলেছিলো, তখন তারা মিথ্যা কথা বলেছিলো|
119প্রভু, দুষ্ট লোকদের আবর্জনার মত আপনি পৃথিবীতে ছুঁড়ে ফেলে দিন|
তাই আমি সর্বদাই আপনার চুক্তিকে ভালোবাসবো|
120প্রভু, আমি আপনাকে ভয় করি|
আপনার বিধিকে আমি ভয় ও শ্রদ্ধা করি|
অয়িন
121যা সঠিক এবং ভালো আমি তাই করেছি|
হে প্রভু, যারা আমায় উৎ‌পীড়ন করে এমন লোকেদের হাতে আমায় সমর্পণ করবেন না|
122আপনার দাস, আমার প্রতি ভাল ব্যবহার করবার প্রতিশ্রুতি করুন|
হে প্রভু, ঐ অহঙ্কারী লোকেদের আমাকে উৎ‌পীড়ন করতে দেবেন না|
123হে প্রভু, আপনার সাহায্যের আশায় থেকে
এবং আপনার সুন্দর বাক্যের প্রত্যাশায় আমার দু চোখ ক্লান্ত|
124আমি আপনার দাস| আমার প্রতি আপনার প্রকৃত ভালোবাসা দেখান|
আমাকে আপনার বিধিগুলো শেখান|
125আমি আপনার দাস|
আমি যাতে আপনার চুক্তি জানতে পারি, আমায় বুঝতে সাহায্য করুন|
126প্রভু এখন আপনার কিছু করার সময় এসেছে|
লোকরা আপনার বিধি ভঙ্গ করেছে|
127প্রভু আপনার বিধিগুলোকে
আমি সব থেকে খাঁটি সোনার চেয়েও ভালোবাসি|
128আপনার সব আজ্ঞা আমি খুব যত্ন করে পালন করি|
ভ্রান্ত শিক্ষাকে আমি ঘৃণা করি|
পে
129হে প্রভু, আপনার চুক্তি সত্যিই বিস্ময়কর|
সেই জন্য আমি তা অনুসরণ করি|
130যখন লোকেরা আপনার বানীসমুহ বুঝতে শুরু করে,
তা একটি আলোর মত যেটা তাদের সঠিক পথে বেঁচে থাকার পথ দেখায়|
131হে প্রভু, আমি সত্যিই আপনার আজ্ঞাগুলো অধ্যয়ন করতে চাই|
আমি সেই লোকের মত যার নিঃশ্বাস ভারী হয়েছে এবং অধৈর্য্য হয়ে প্রতীক্ষা করছে|
132ঈশ্বর আমার দিকে দেখুন, আমার প্রতি সদয় হন,
যারা আপনার নাম ভালোবাসে তাদের পক্ষে যা হিতকর তাই করুন|
133প্রভু, আপনার প্রতিশ্রুতি মত আমায় পরিচালিত করুন|
আমার প্রতি ক্ষতিকর কিছু ঘটতে দেবেন না|
134হে প্রভু, যে সব লোক আমায় আঘাত করে তাদের হাত থেকে আমায় রক্ষা করুন
এবং আমি আপনার আজ্ঞা মান্য করবো|
135প্রভু, আপনার দাসকে গ্রহণ করুন
এবং আমাকে আপনার বিধি শিক্ষা দিন|
136লোকে আপনার শিক্ষামালাকে মান্য করে না|
সেইজন্য আমি এত কেঁদেছি যে আমার চোখের জলে একটা নদী বইয়ে দিয়েছি|
সাদে
137হে প্রভু, আপনি মঙ্গলময়
এবং আপনার বিধিগুলোও ন্যায্য ও সৎ‌|
138আপনার চুক্তিতে আপনি আমাদের জন্য ভালো এবং ন্যায্য বিধিসমুহ দিয়েছেন|
আমরা সত্যি তাদের ওপর নির্ভর করতে পারি|
139আমার প্রবল উদ্দীপনা আমায় ধ্বংস করে দিচ্ছে|
আমার শত্রুরা আপনার আজ্ঞাগুলো ভুলে গেছে তাই আমি এত বিমর্ষ হয়ে রয়েছি|
140আমরা যে আপনার বাক্যকে বিশ্বাস করতে পারি,
আমাদের কাছে সেই প্রমাণ আছে এবং আমি তা ভালোবাসি|
141আমি একজন তরুণ লোক এবং লোকে আমায় সম্মান করে না|
কিন্তু আমি আপনার আজ্ঞা ভুলি নি|
142আপনার ধার্ম্মিকতা চিরন্তন
এবং আপনার শিক্ষাগুলিকে বিশ্বাস করা যায়|
143আমার সমস্যা এবং দুঃসময় ছিল|
কিন্তু আমি আপনার নির্দেশ উপভোগ করি|
144আপনার চুক্তি চিরকালের জন্য ভালো ও ন্যায্য|
আমাকে বুঝতে সাহায্য করুন যাতে আমি বাঁচতে পারি|
কুফ
145হে প্রভু, আমার সর্বান্তঃকরণ দিয়ে আমি আপনাকে ডাকছি, আমায় উত্তর দিন!
আমি আপনার সমস্ত আজ্ঞাগুলি মান্য করব|
146প্রভু, আমি আপনাকে ডাকছি|
আমায় রক্ষা করুন! আমি আপনার চুক্তি পালন করবো|
147আপনার কাছে প্রার্থনা করার জন্য আমি খুব সকালে উঠি|
আপনি যা বলেন আমি তার ওপর নির্ভর করি|
148আপনার কথা অধ্যয়নের জন্য
আমি অনেক রাত পর্যন্ত জেগে থাকি|
149হে প্রভু, আপনি প্রেমময় এবং ন্যায়পরায়ণ|
দয়া করে আমার কথা শুনুন এবং আমাকে বাঁচতে দিন|
150দুষ্ট লোকরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে|
ঐ লোকরা আপনার শিক্ষামালা অনুসরণ করে না|
151প্রভু, আপনি আমার কাছেই আছেন
এবং আপনার সব আজ্ঞাই বিশ্বাস করা চলে|
152দীর্ঘদিন আগে আমি আপনার চুক্তি থেকে জেনেছি
যে আপনার শিক্ষামালা হবে চিরন্তন|
রেশ
153প্রভু, আমার দুর্দশা দেখুন এবং আমায় উদ্ধার করুন|
আমি আপনার শিক্ষামালাগুলো ভুলি নি|
154হে প্রভু, আমার জন্য আপনি লড়াই করুন এবং আমায় রক্ষা করুন|
আপনার প্রতিশ্রুতি অনুসারে আমায় বাঁচতে দিন|
155দুষ্ট লোকরা জয় করতে পারবে না,
কারণ তারা আপনার বিধি অনুসরণ করে না|
156প্রভু, আপনি অত্যন্ত সদয়| যেগুলো আপনি যথাযথ বলেন সেই কাজই করুন এবং আমায় বেঁচে থাকতে দিন|
157আমার অনেক শত্রু আছে যারা আমাকে আঘাত করতে চায়,
কিন্তু আমি আপনার চুক্তি অনুসরণ করা থেকে বিরত হই নি|
158আমি ঐ বিশ্বাসঘাতকদের দেখি|
প্রভু, তারা আপনার বাক্য অনুসরণ করে না এবং আমি তা ঘৃণা করি|
159দেখুন, আপনার আজ্ঞা পালনের জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি|
প্রভু আপনার সব ভালোবাসা দিয়ে আমায় বেঁচে থাকতে দিন|
160একেবারে শুরু থেকে আপনার প্রত্যেকটি বাক্যকেই নির্ভর করা যাবে|
প্রভু, আপনার সমস্ত ভালো ও ন্যায্য বিধিগুলো চিরদিনই থাকবে|
শিন্
161শক্তিশালী নেতারা বিনা কারণে আমায় আক্রমণ করেছিলো|
কিন্তু আমি একমাত্র আপনার বিধিকে ভয় ও শ্রদ্ধা করেছিলাম|
162হে প্রভু, আপনার বাক্যসমুহ আমাকে খুশী করে,
একটি লোক প্রচুর সম্পদ খুঁজে পেলে যেমন সুখী হয় তেমন সুখী|
163আমি মিথ্যাকে ঘৃণা করি! আমি ওসব সহ্য করতে পারি নি|
কিন্তু আমি আপনার শিক্ষামালাকে ভালোবাসি, প্রভু|
164আপনার ভালো ও ন্যায্য বিধিগুলোর জন্য
আমি দিনে সাতবার আপনার প্রশংসা করি|
165যারা আপনার শিক্ষাকে ভালোবাসে সেই লোকেরা প্রকৃত শান্তি খুঁজে পাবে|
কোন কিছুই ঐ লোকদের পতন ডেকে আনতে পারবে না|
166প্রভু, আপনি আমায় রক্ষা করবেন আমি এই জন্য প্রতীক্ষা করছি|
আমি আপনার আজ্ঞাগুলি পালন করেছি|
167আমি আপনার চুক্তি অনুসরণ করেছি|
প্রভু, আপনার বিধিগুলো আমি প্রচণ্ড ভালোবাসি|
168আমি আপনার আজ্ঞা এবং আপনার চুক্তি অনুসরণ করেছি|
প্রভু, আমি কি করেছি তার সবই আপনি জানেন|
তৌ
169প্রভু আমার আনন্দ গীত শুনুন|
আপনার প্রতিশ্রুতি মত আমায় জ্ঞানী করে দিন|
170প্রভু, আমার প্রার্থনা শুনুন|
আপনার প্রতিশ্রুতি মত আমায় রক্ষা করুন|
171আমায় আপনি আপনার বিধিগুলো শিখিয়েছেন|
আপনার প্রশংসা আমার ওষ্ঠ থেকে উপছে পড়ে|
172আপনার বাক্যে আমাকে সাড়া দিতে দিন এবং আমাকে আমার গান গাইতে দিন|
হে প্রভু, আপনার সব বিধিই ভালো|
173আমি স্থির করেছি আপনার আজ্ঞাই মান্য করবো|
তাই এগিয়ে আসুন এবং আমায় সাহায্য করুন|
174হে প্রভু, আমি চাই আপনি আমায় রক্ষা করুন|
আপনার শিক্ষামালা আমাকে সুখী করে|
175আমাকে বাঁচতে দিন এবং আপনার প্রশংসা করতে দিন প্রভু|
আপনার বিধি যেন আমায় সাহায্য করে|
176হারিয়ে যাওয়া মেষের মত আমি ঘুরে বেড়াচ্ছিলাম অতি দূরে|
হে প্রভু, আমায় খুঁজতে আসুন|
আমি আপনার দাস
এবং আমি আপনার আজ্ঞাগুলি ভুলে যাই নি|

Notes


*119:54: গৃহে অথবা “মন্দিরে যেখানে আমি থাকি|”