দায়ূদের একটি গীত|
1হে আমার আত্মা, প্রভুকে ধন্যবাদ দাও!
আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, তাঁর পবিত্র নামের প্রশংসা কর!
2হে আমার আত্মা, প্রভুর প্রশংসা কর!
ভুলে যেও না যে তিনি সত্যিই দয়ালু|
3ঈশ্বর আমাদের পাপসমূহ ক্ষমা করেন|
তিনি আমাদের সকল রোগ থেকে সারিয়ে তোলেন|
4ঈশ্বর আমাদের জীবনকে কবর থেকে রক্ষা করেন|
তিনি আমাদের প্রেম ও সহানুভূতি দেন|
5তিনি আমাদের রাশি রাশি ভালো জিনিস দেন|
তিনিই সেইজন যিনি পুরানো পালক ঘসে নতুন পালক গজানো
একটি ঈগলের মত তোমাদের যৌবন পুনরুজ্জীবিত করেন|
6প্রভুই সৎ|
প্রভু অবদমিত লোকদের কাছে ন্যায় বিচার ও নিরপেক্ষতা আনেন|
7ঈশ্বর মোশিকে তাঁর শিক্ষামালা দিয়েছিলেন|
যে সব ক্ষমতা সম্পন্ন কাজ ঈশ্বর করতে পারেন সে সব তিনি ইস্রায়েলকে দেখিয়েছিলেন|
8প্রভু দয়ালু এবং ক্ষমতাশীল|
ঈশ্বর ধৈর্য্যশীল এবং প্রেমে পূর্ণ|
9প্রভু সব সময় আমাদের সমালোচনা করেন না|
প্রভু সর্বদা আমাদের ওপর ক্রুদ্ধ থাকেন না|
10আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিলাম
কিন্তু প্রাপ্য শাস্তি তিনি আমাদের দেন নি|
11যেমন করে পৃথিবীর ওপরে আকাশ বিস্তৃত হয়ে আছে,
তেমনি ঈশ্বরের অনুগামীদের ওপরে ঈশ্বরের প্রেম পরিব্যপ্ত হয়ে আছে|
12পূর্ব যেমন পশ্চিমের থেকে বিচ্ছিন্ন, তেমন করেই ঈশ্বর,
আমাদের কাছ থেকে আমাদের পাপকে বিচ্ছিন্ন করে নিয়ে গেছেন|
13পিতা যেমন পুত্রের প্রতি দয়াময়
তেমনি প্রভুও তাঁর অনুগামীদের প্রতি দয়ালু|
14ঈশ্বর আমাদের সম্পর্কে সব কিছুই জানেন|
ঈশ্বর জানেন যে আমরা ধূলো থেকে সৃষ্ট হয়েছি|
15ঈশ্বর জানেন আমাদের জীবন
ঘাসের মত অত্যন্ত সংক্ষিপ্ত|
ঈশ্বর জানেন আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বুনো ফুলের মত, সেই সব ফুল খুব তাড়াতাড়ি জন্মায়|
16তারপর উত্তপ্ত বাতাস বইলেই সেই সব ফুল ঝরে পড়ে|
আবার তুমি বলতেও পারবে না, সেই সব ফুল কোথায় জন্মেছিল|
17কিন্তু প্রভু তাঁর অনুগামীদের প্রতি সবসময়ই স্নেহশীল|
তিনি চিরদিনই তাঁর অনুগামীদের ভালোবাসবেন|
ঈশ্বর তাঁর সন্তানদের প্রতি এবং সন্তানদের সন্তানের প্রতিও ভালো ব্যবহার করবেন|
18যারা তাঁর চুক্তি অনুসরণ করে, তাদের প্রতি ঈশ্বর ভালো ব্যবহার করেন|
যারা তাঁর আজ্ঞা মেনে চলে তাদের প্রতিও ঈশ্বর ভালো ব্যবহার করেন|
19স্বর্গে ঈশ্বরের সিংহাসন রয়েছে
এবং তিনিই সব কিছুর শাসন করছেন|
20হে দূতগণ, প্রভুর প্রশংসা কর!
তোমরা দূতেরা সেই শক্তিশালী সৈন্য যারা ঈশ্বরের আজ্ঞা পালন করো|
তোমরা ঈশ্বরের কথা শোন এবং তাঁর আজ্ঞা মান্য কর|
21প্রভু এবং তাঁর সকল সৈন্যদের প্রশংসা কর|
তোমরা তাঁর দাস|
ঈশ্বর যা চান তোমরা তাই কর|
22প্রভুর প্রশংসা কর|
তাঁর রাজ্যের প্রতিটি জায়গায় তাঁর সব কাজগুলিকে প্রশংসা কর|
হে আমার আত্মা, প্রভুর প্রশংসা কর!